আর্জেন্টিনার ২ হাজার ২২ ফুট পতাকা নিয়ে ফেনীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

কাতারে ফুটবল বিশ্বকাপ ঘিরে উন্মাদনা এখন বিশ্বজুড়ে। সেই উন্মাদনার হাওয়া বইছে বাংলাদেশেও। বিশ্বকাপ উত্তেজনার আনন্দ ঘিরে ফেনীতে ২ হাজার ২২ ফুট দৈর্ঘ্যের লম্বা পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন ‘আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী’।
খেলোয়াড়দের ছবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে শনিবার (১৯ নভেম্বর) বিকেলে ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কের ওয়াপদা মাঠে গিয়ে শেষ হয়। এতে কয়েক হাজার আর্জেন্টিনার সমর্থক অংশ নেন।
ভক্তদের হাতে লিওনেল মেসি, ডি মারিয়াসহ সেরা খেলোয়াড়দের প্ল্যাকার্ড শোভা পায়। আর্জেন্টিনার পতাকা নিয়ে শোভাযাত্রা আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। তিনি বলেন, আর্জেন্টিনা তাঁর প্রিয় দল। মেসি তাঁর প্রিয় খেলোয়াড়। প্রিয় দলকে ভালোবেসে তিনি ২ হাজার ২২ ফুট দৈর্ঘ্যের এই পতাকা বানিয়েছেন। ২২ নভেম্বর আর্জেন্টিনা দলের প্রথম খেলা। প্রিয় দলকে শুভেচ্ছা জানিয়ে এ আনন্দ শোভাযাত্রার আয়োজন করেন।
মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, সাধারণ ফুটবলপ্রেমী লোকজন যেন বিশ্বকাপ খেলা দেখতে পারেন, সে জন্য শহরের একাধিক স্থানে বড় পর্দার ব্যবস্থা করা হবে।

Comments
No comments
Add a comment: