আরাফাতের ময়দানে ১৬ লাখের বেশি হাজির সমাগম

পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আধ্যাত্মিক পর্ব ‘উকুফে আরাফা’ পালন করতে মঙ্গলবার (২৬ মে) আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন ১৬ লাখের বেশি হজযাত্রী।
সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী, জিলহজ মাসের ৯ তারিখ ভোর থেকেই হাজিরা আরাফাতের ময়দানে জড়ো হতে শুরু করেন। সারাদিন তারা ইবাদত, কুরআন তেলাওয়াত, জিকির ও দোয়া-মোনাজাতে সময় কাটান। ইসলামী ঐতিহ্যে আরাফাতে অবস্থানকে হজের মূল রুকন হিসেবে বিবেচনা করা হয়। দুপুরে হাজিদের উদ্দেশে আরাফার খুতবা প্রদান করা হয়। পরে সুন্নাহ অনুযায়ী জোহর ও আসরের নামাজ একসঙ্গে সংক্ষিপ্ত আকারে আদায় করেন হাজিরা। দিনজুড়ে তালবিয়া, তাকবির ও কান্নাভেজা দোয়ায় মুখর হয়ে ওঠে পুরো আরাফাতের ময়দান।
মক্কা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই আরাফাতের ময়দান মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র স্থান। ইসলামী বিশ্বাস অনুযায়ী, এখানেই হযরত আদম (আ.) ও হাওয়া (আ.) পুনর্মিলিত হয়েছিলেন। এর আগে মিনায় ‘ইয়াওমুত তারবিয়া’ পালন শেষে হাজিরা আরাফাতে পৌঁছান। হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ বিশেষ পরিবহন, চিকিৎসা ও জরুরি সহায়তা ব্যবস্থা গ্রহণ করেছে।
তীব্র গরমের মধ্যেও ইবাদতে মগ্ন ছিলেন হাজিরা। এসময় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। সূর্যাস্তের পর হাজিরা মুযদালিফার উদ্দেশে রওনা হন।

Comments
No comments
Add a comment: