আরও দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী

জুলাইয়ের হত্যাকাণ্ডকে ঘিরে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন। তার বিরুদ্ধে থাকা আরও পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বিষয়ে আগামী রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে আদেশ দেওয়ার কথা রয়েছে।
এর আগে, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে আটক করা হয়। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে হাইকোর্ট পাঁচটি মামলায় তাকে জামিন দিলেও আপিল বিভাগ সেই জামিন স্থগিত করে। এরপর ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়। পরবর্তীতে ২৬ ফেব্রুয়ারি এসব মামলায় আবার জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনে তা স্থগিত হয়ে যায়।
এদিকে, সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন দায়ের করা দুটি হত্যা মামলায় আইভীকে গ্রেফতার দেখাতে সংশ্লিষ্ট পুলিশ আদালতে আবেদন করে। একটি মামলায় ২ মার্চ এবং অন্য মামলায় ১২ এপ্রিল নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

Comments
No comments
Add a comment: